শাক-সবজি আমাদের জীবনের সাথে যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। জীবনে সুস্থ থাকার চাবি কাঠি হিসাবে শাক-সবজির গুরুত্ব অপরিসীম। আধুনিক জীবন যাপনে আমরা এতটাই ব্যস্ত যে সঠিক ভাবে বাজার যাবার সময়ই নেই আমাদের হাতে। তাই কেউ সারি সাপ্তাহিক বাজার, আবার কেউ মাসিক। বারারাজাত সেই শাক-সবজি ভরে রাখি ফ্রিজে। কিন্তু দেখা যায় সেই কেনা শাক-সবজি নষ্ট হবার কারনে ফেলে দিতে হয় অনেক সময়। কিভাবে শাক-সবজি সংরক্ষণ করলে তা তাজা রয়ে যায় অনেকদিন সেই নিয়েই কিছু গুরুত্বপূর্ণ ও ঘরোয়া টিপস রয়েছে এই লেখায়।
প্রথমেই যে কথাটি মাথায় রাখতে হবে তা হল সবজি ফ্রিজে রাখবেন
কিভাবে??
- ফ্রিজে শাক-সবজি রাখার আগে ভালো করে বেছে নিন যাতে কোনো পচা শাক বা সবজি না থাকে। তাহলে ভালো সবজি ও খুব সহজেই নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
- ফ্রিজের তাপমাত্রা আবহাওয়া অনুযায়ী নিয়ন্ত্রণ করুন। শীত, গ্রীষ্ম বা বর্ষায় একই তাপমাত্রায় ফ্রিজ না চালিয়ে সময় অনুযায়ী টেমপারেচার নিয়ন্ত্রনে রাখুন।
- ফ্রিজে কোন ড্রয়ারে কি সবজি রাখতে হবে সেই নিয়মকানুন ভালো করে জেনে নিন।
এবার জেনে নিন কোন শাক বা সবজি কি ভাবে দীর্ঘদিন সংরক্ষন করতে হয়ঃ
- লেটুস পাতা, পালং শাক, সালাদের সবজি ধোয়ার সময় জলের মধ্যে সামান্য পরিমান লেবুর রস মিশিয়ে নিন। প্লাস্টিক/কাঁচ/পোরসেলিনের পাত্রে রেখে ফ্রিজে রাখুন। এর ফলে অনেকদিন তরতাজা থাকবে।
- লেটুস পাতা একটি পাত্রে রেখে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখুন, তাহলে এই পাতা সহজে শুকিয়ে যাবে না। এ ছাড়া লেটুস পাতার ওপর সামান্য লবণ ছিটিয়ে রাখলেও তা সতেজ থাকবে। লেটুস পাতার এর তাজাভাব বজায় থাকবে।
- বাঁধাকপি, মটরশুঁটি ও পালংশাকের মতো সবুজ সবজির ফ্লেভার বা টেস্ট বজায় রাখাতে রান্নার সময় আধা চা চামচ (হাফ চামচ) চিনি মিশিয়ে নিন। এবং রান্নার শেষে লবণ মিশিয়ে নিন। দেখবেন টেস্ট অনেকটা ঠিক আগের মতই আছে।
- মটরশুঁটি, শিমবিচি খোসা ছাড়িয়ে পলিথিন ব্যাগে রাখতে চেষ্টা করুন। অনেক ভালো থাকবে।
- আলু বেশিদিন ভালো রাখার জন্য ঝুড়িতে রাখুন। তাহলে আলু পচার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
- আপেলের সঙ্গে আলু সংরক্ষণ করুন। দেখবেন, অন্তত আট সপ্তাহ আলু সতেজ থাকবে।
- পেঁয়াজ, রসুন, বেগুন ও নানান ফলমূল ফ্রিজের মধ্যে রাখবেন না। এই সবজি গুলো ফ্রিজের বাইরে খোলামেলা পরিবেশে পরিষ্কার পাত্রে রাখুন। দেখবেন অনেক ভালো থাকবে
- পেঁয়াজ-রসুন-আলু সপ্তাহে একবার বাছাই করে সংরক্ষণ করার চেষ্টা করুণ, কারণ এইধরনের পচা সবজির সাথে ভালো সবজি রাখলে সব ভালো সবজি সহজেই নষ্ট হয়ে য়ায়।
- রান্না করার জন্য আদা ও রসুন বেঁটে ফ্রিজের মধ্যে না রেখে বাইরে রাখুন। এক্ষেত্রে আদা-রসুন বাঁটার সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে রাখুন। এই উপায়ে আদা ও রসুনের পেস্ট অনেকদিন ভালো থাকে এবং স্বাদ ও বজায় থাকে। তবে গোটা আদা ফ্রিজে রাখতে পারেন। বেশিদিন তাজা থাকবে।
- একসঙ্গে অনেক রসুন পেস্ট তৈরি করতে চাইলে আগের দিন রাতে রসুন কোয়াগুলো পানিতে ভিজিয়ে রাখুন। দেখবেন পরেরদিন সেই ভিজা রসুনে হাত দেওয়ার সাথে সাথেই খুব সহজেই সেই রসুনের খোসা উঠে যাবে। কষ্ট করে রসুনের খোসা ছাড়াতে হবে না।
- কাঁচালঙ্কা বোঁটা ছাড়িয়ে মাঝখান থেকে সামান্য কেটে নিন। তারপর এতে হালকা লবণ-হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিন। অথবা, বোঁটা ছাড়িয়ে নিয়ে প্লাস্টিকের বক্সে রেখে দিন, অনেক দিন তাজা থাকবে।
- গাজর ফ্রিজের রাখার আগে বাটির মধ্যে জল নিয়ে তাতে কিছুক্ষন ভিজিয়ে রাখুন। তারপর সেই গাজর প্লাস্টিক দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিন। এতে বেশ কয়েকদিন গাজর তরতাজা থাকবে। তবে গাজর ফ্রিজের বাইরে বেশিদিন রাখবেন না তাতে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়।
- টমেটোর তরতাজা ভাব বজায় রাখতে হলে ফ্রিজের মধ্যে পলিথিন ব্যাগে না রেখে বাইরেও রাখুন কিন্তু যদি ফ্রিজে রাখতে বাধ্য হন তাহলে ব্রাউন পেপার ব্যাগে ফ্রিজে স্টোর করুন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবে। একই উপায়ে মাশরুমও ফ্রিজের মধ্যে রাখতে পারেন। অনেক দিন তাজা থাকবে।
- লাল বাঁধাকপি ও বিটের রং বজায় রাখতে চাইলে ১ চা চামচ সাদা ভিনিগার (সিরকা) মিশিয়ে নিন।
- ফুলকপি ছোট ছোট করে কেটে এয়ারটাইট প্যাকে ভরে ফ্রিজে রাখতে পারেন। বাঁধাকপি ও ফুলকপির তাজা ভাব বজায় রাখার জন্য রান্নার সময় ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। দেখবেন সবজির সুন্দর সাদা রং বজায় রয়েছে।
- ক্যাপসিকাম না কেটে গোটা রাখতে পারলেই ভালো। তাহলে তাড়াতাড়ি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না।
- ধনিয়া পাতা গোড়া থেকে কেটে পরিষ্কার জলে ধুয়ে ভালোভাবে শুকিয়ে ফ্রিজে রাখুন।
- মুলো রান্না করার আগে পাতলা করে মুলোর খোসা ছাড়িয়ে নিন। মুলোর গন্ধ কমে যাবে।
- সালাদের সবজি কেটে লবণ দিয়ে ফেলে রাখবেন না। এতে সালাদে জল এসে যাবে। পরিবেশনের আগে লবণ মেশাবেন।
- লেবু যদি আপনার পুরো কাজে না লাগে তাহলে সেই লেবু মাঝ বরাবর কাটবেন না। এতে লেবু শুকিয়ে যাবে। এ ক্ষেত্রে কাঁটাচামচ দিয়ে বা মোটা পিন দিয়ে লেবুর কোন একজায়গায় ফুটো করে লেবুর রস বের করে নিতে পারেন। তারপর সেই লেবু রেখে দিন। দেখবেন লেবু আর শুকিয়ে যাবে না। পরে আবার ব্যবহার করতে পারবেন।
- লেবু লবণের কৌটার মধ্যে রাখুন। বেশিদিন তাজা থাকবে।
শাক-সবজি যতই যত্নে ও আদরে সংরক্ষণ করে রাখুন না কেন তাজা বা টাটকা শাক-সবজি'র বিকল্প মেলা ভার। তাই সবসময়ই চেষ্টা করবেন শাক-সবজি যেন বেশি দিন ফ্রিজে ভরে বা বাড়ির কোনায় জমিয়ে রাখতে না হয়। সুস্থ থাকার জন্য টাটকা বাজার থেকে আনা শাক-সবজি ব্যবহার করুন। একদিন বা দুইদিন অন্তর নিজ পরিবারের লোকের সাথে মজার ছলে গল্প করতে করতে সকালে বা সন্ধ্যায় বাজার যাওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন শরীরের বেশ কিছু ব্যায়াম হবে আর মন মানসিকতা ও বেশ ফুরফুরে থাকবে, আর সারাদিনের ব্যস্ততার মাঝে নিজ পরিবারকে একটু সময় ও দেওয়া যাবে। তাহলে আপনি একই সাথে গড়ে তুলতে পারবেন ভালোবাসার বন্ধন ও সুস্থ-সতেজ পরিবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সতেজ পরিবার ও সমাজ গড়ে তুলুন।






No comments:
Post a Comment